ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদে খুন, গ্রেপ্তার ৬
দি নিউজ লায়নঃ ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদে খুনের ঘটনায় ৬ জনকে পুলিস গ্রেপ্তার করেছে। বর্ধমান শহরের পিরবাহারামের ডাঙাপাড়ায় এলাকার ঘটনা। ধৃতদের নাম মহম্মদ নিজামউদ্দিন, শেখ শাহারুখ, শেখ সঞ্জু ওরফে ছোট্টু, শেখ বাপন, রাজুজান শেখ ও ইমতিয়াজ হোসেন। পিরবাহারাম এলাকায় তাদের বাড়ি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাঙাপাড়ার একটি ক্লাবের দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর বিরোধ চলছে। গত বছরও দু’পক্ষের মধ্যে মারপিট হয়। দু’পক্ষের গণ্ডগোল নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে।
মামলাগুলি বর্ধমান আদালতে বিচারাধীন। ক্লাবের তরফে দীঘা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। এনিয়ে এলাকায় ফ্লেক্স লাগানো হয়। শনিবার সেই ফ্লেক্স কেউ ছিঁড়ে দেয়। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। রবিবার রাতে ক্লাবে পিকনিকের আয়োজন করা হয়। পিকনিক চলাকালীন নিজামউদ্দিন সহ বেশ কয়েকজন ক্লাবে হামলা চালায়। আকবর বাচ্চাদের রক্ষা করতে ক্লাবের ভিতরে যান। সেই সময় তাঁকে বেধড়ক মারধর করা হয়। চপার দিয়ে কোপানো হয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা আকবর ও জখম আরও একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন।
এরপরই সোমবার রাতে বর্ধমান শহরের গোদা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পুলিস ৬ জনকে গ্রেপ্তার করে। মৃতের নাম মহম্মদ আকবর ওরফে কালো (৪৮)। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। ঘটনার বিষয়ে মৃতের স্ত্রী পাকিজা বেগম রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য এবং বাকি জড়িতদের হদিশ পেতে নিজামউদ্দিন, শাহরুখ, সঞ্জু ও বাপনকে ৭ দিন পুলিসি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার ব্রজগোপাল হালদার। ৪ জনকে ৪ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম কল্লোল ঘোষ। বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২ মার্চ ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

Post a Comment